স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর মুখোমুখি হয়েছেন সাবেক স্ত্রীর মামলায় বিপাকে পড়া এক বৃদ্ধ। দিয়েছেন ব্যাখ্যাও।
শনিবার (২০ এপ্রিল) রাজধানীর তুরাগ থানায় তাদের আলাপচারিতার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, উপদেষ্টা থানায় উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তির কাছে জানতে চান, আপনার বিরুদ্ধে কে মামলা করেছে? উত্তরে ওই ব্যক্তি বলেন, ‘আমার স্ত্রী।’
স্বরাষ্ট্র উপদেষ্টা জানতে চান, ‘তিনি কিসের মামলা করেছেন?’ বৃদ্ধ লোকটি বলেন, ‘নারী নির্যাতনের মামলা।’ পাশে থাকা একজন পুলিশ কর্মকর্তা তখন বলে ওঠেন, ‘এই বয়সে আবার বিয়ে করেছেন কেন?’
এ কথা শেষ না হতেই জাহাঙ্গীর আলম জিজ্ঞেস করেন, ‘আপনি কয়টা বিয়ে করেছেন?’ বৃদ্ধ ব্যক্তি উত্তর দেন, ‘চারটা বিয়ে করেছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিয়ের ব্যাখ্যা দিয়ে বৃদ্ধ জানান, তার প্রথম দুই স্ত্রী মারা যান। এরপর যে নারীকে বিয়ে করেন, তার সঙ্গে বিচ্ছেদ হয়। পরে আবার বিয়ে করেন। এখন যিনি মামলা করেছেন, তিনি সাবেক স্ত্রী। মামলায় যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোকে মিথ্যা বলেও দাবি করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা সম্প্রতি ঢাকার বিভিন্ন থানায় নিয়মিত পরিদর্শন করছেন এবং জনগণের কথা সরাসরি শুনছেন।