মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নিষিদ্ধ সময়ে বাড়িতে রক্ষিত ইলিশ মাছ আটক করে উৎকোচ গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার হাসাইল গ্রামের শফু বেপারীর বাড়ির ফ্রিজের রক্ষিত ইলিশ মাছ বের করে তাকে শাস্তির ভয় দেখিয়ে ২ হাজার টাকা উৎকোচ গ্রহন করার অভিযোগ উঠেছে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার হৃদয়ের বিরুদ্ধে ।
জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এ বছর ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদী হতে কেউ যাতে ইলিশ মাছ শিকার এবং বিক্রয় করতে না পারে সেই জন্য বেশ কিছু সফল অভিযান পরিচালনা করে। এই সমস্ত অভিযানে এ পর্যন্ত ৩.৮৭০ মেট্রিক টন ইলিশ মাছ জব্দ, ১.৪৬৫ লক্ষ মিটার কারেন্ট জাল মুল্য ০.৭৩২৫ লক্ষ টাকা ধ্বংশ, ২৮ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১১০ টি মামলা, ৭৩ জনকে কারাদন্ড, ৩৭ জনকে জরিমানা করেন। জব্দকৃত মাছগুলো ৭৩টি মাদ্রাসা ও সরকারী হাসপাতালে দুস্থ রোগী ও দুস্থদের মধ্যে ৩৮৭০ কেজি ইলিশ মাছ বিতরণ করেন এবং ইলিশ আহরণের ৫টি নৌকা বিনিষ্ট একটি স্পিড বোর্ড জব্দ করেন। কিন্তু তার অসৎ ড্রাইভার হৃদয় উপজেলা নির্বাহী কর্মকর্তার চোখ ফাঁকি দিয়ে ইলিশ অভিযানের নামে উৎকোচ গ্রহনের একাধিক অভিযোগ উঠেছে। এছাড়াও হৃদয়ের বিরুদ্ধে নানা ধরণের অপকর্মের অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে ।
