
ওমর ফারুক (শামীম), ইউরোপ প্রতিনিধি : পর্তুগালের সান্তারাই (Santarem) জেলার এনত্রোকামেন্তো (Entroncamento) শহরে কাজ শেষে বাসায় ফেরার পথে গাড়ী দুর্ঘটনায় শাহিনুর রহমান (২৭) ও ইব্রাহীম আখন্দ (৪১) নামের দুই প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
৮ জুলাই শনিবার এই ঘটনা ঘটে। কাজ শেষ করে সন্ধ্যার পর কোম্পানির গাড়িতে করে বাসায় ফিরছিলেন তারা। এই সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন তিন পর্তুগীজ নাগরিক।
নিহত শাহিনুরের বাড়ী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ননের দক্ষিণ বালুখন্ড গ্রামে এবং ইব্রাহীমের বাড়ী মাদারীপুর জেলার রাজৈর থানার বদরপাশা গ্রামে।
নিহত দুই প্রবাসীর মরদেহ সান্তারাই সেন্ট্রাল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এছাড়া এক পর্তুগীজ নাগরিককে মুর্মূষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পর্তুগালের রাজধানী লিসবনে পাঠানো হয়েছে এবং বাকি দুজন পর্তুগীজ নাগরিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে পাঠানো হয়েছে।।
নিহত শাহিনুর ও ইব্রাহীমের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে বাংলাদেশ দূতাবাস ও পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির নেতারা কাজ করতেছেন।
এই ঘটনায় পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মধ্যে শোকের ছায়া বিরাজ করতেছে।
