শরীয়তপুরে টোব্যাকো ডিলার পয়েন্টে ডাকাতি: ১৮ লাখ টাকাসহ গ্রেফতার তিন।
শরীয়তপুরে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ডিলার পয়েন্ট থেকে এক কোটি ৩৪ লাখ টাকা লুটের ঘটনায় তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুটের ১৮ লাখ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান পুলিশ সুপার নজরুল ইসলাম।
গ্রেফতাররা হলেন: খুলনা এলাকার মেহেরাজ (৫০), মোরশেদ (৩০) ও মিলন মোল্লা (৩০)।
পুলিশ সুপার জানান, গত ২৫ জানুয়ারি জেলা শহরের মজিদ জরিনা ফাউন্ডেশন মার্কেটের দ্বিতীয় তলায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর জেলা পরিবেশক সেলফ প্রমোশন সার্ভিসের ডিলার পয়েন্টে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ভবনের পেছনের একটি গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে তিন অফিস স্টাফের হাত পা বেঁধে ভল্টের ভেতরে থাকা এক কোটি ৩৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।
পরে তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে ঘটনার সঙ্গে অন্যদের সম্পৃক্ততার কথা জানান। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ৫৮ হাজার ৯৬৫ টাকা, ৫০টি মোবাইল ফোন, একটি পিকআপভ্যান, একটি মোটরসাইকেলসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
