বেগম খালেদা জিয়াকে মুক্ত করব—খন্দকার মাহাবুব
জাগো বাংলাদেশ ডেক্স
ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, তারা দোদুল্যমান অবস্থায় আছে। যেকোনো মুহূর্তে তাদের ধাক্কা দিলেই পতন হবে। পাতানো নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। তাদের উচিত নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন করা। তিনি বলেন, আমরা শপথ নিয়ে এসেছি, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। । শুক্রবার (০৪ অক্টোবর) দুপুরে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম নামক একটি সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
নাগরিক অধিকার আন্দোলন ফোরামের সহসভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় প্রতীকী অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমী, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নেসারুল হক, তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।