নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নে বিদ্যুৎ সংযোগের নামে গ্রাহকদের কাছ থেকে প্রতারনা করে লাখ টাকা আদায়েের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে নরসিংদী গোয়েন্দা পুলিশ বাবুল নামে এক ব্যক্তিকে আটক করেছে। এলাকাবাসীরা জানান, বাবুল মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে পল্লী বিদ্যুতের নতুন মিটার সংযোগ ও লাইন নিমার্ণ করিয়ে দেয়ার কথা বলে বিদ্যুৎ অফিসের নাম ভাঙ্গিয়ে গ্রামের নিরীহ লোকজনের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করে আত্মসাৎ করে আসছে। টাকা আদায়ের অভিযোগের খবর পেয়ে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ রায়পুরা থানায় মামলা দায়ের করে। এই মামলায় আওয়ামী লীগ নেতা বাবুলকে গ্রেফতার করে নরসিংদী গোয়েন্দা পুলিশ। তাকে গ্রেফতার করায় লোকজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। গত ২৫ অক্টোবর (শুক্রবার) নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রায়পুরা জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) হাবিবুর রহমান এই মামলাটি দায়ের করেন।সরেজমিনে গেলে এলাকাবাসী জানান, বাবুল এলাকায় মাদক ব্যবসা, কুমারী মেয়েদের ধর্ষণ, রাতের আধারে জোরপূর্বক ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রী ধর্ষণ, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, অন্যের জমি দখল, অস্ত্র প্রদর্শন ও গরুচুরিসহ এমন কোন অপকর্ম নেই যা সে করেনি। তার অত্যাচারে গ্রামবাসী অতিষ্ট হলেও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পদ নিয়ে বেপরোয়া হয়ে উঠা সন্ত্রাসী বাবুলের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।এছাড়াও বাবুল উপজেলার বালুয়াকান্দি-কালিকাপুর নদীপথে সেতু নিমার্ণের নামে এলাকাবাসীর কাছ থেকে স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহম্মেদ রাজুর নাম ভাঙ্গিয়ে ১০ লাখ টাকা চাঁদা তুলে আত্মসাৎ করে ফেলে। বাবুলের নানা দুর্নীতি ও অপকর্মের প্রতিবাদ করায় মোহিনীপুর গ্রামের বাসিন্দা কামাল মাহমুদ নামে এক তাঁতীলীগ নেতাকে হত্যার হুমকি দেয় বাবুল। এ ব্যাপারে গত ২৭ জানুয়ারী ঢাকার খিলগাঁও থানায় বাবুলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেন কামাল মাহমুদ। বিগত সময়ে একাধিক হত্যাসহ নানা অপকর্মের ঘটনায় বাবুলের বিরুদ্ধে মামলা হলেও প্রভাব বিস্তার করে অদৃশ্য ইশারায় এসব মামলা থেকে পার পেয়ে যায় বাবুল। বাবুলের এসকল অপকর্মের বিষয়ে রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসাইন জানান, বাবুল আগে ঢাকায় থাকতো, এখন গ্রামে থাকে। লেখাপড়া জানেনা, সে কিছুটা সন্ত্রাসী প্রকৃতির লোকই, তবে এলাকার লোকজন তার অপকর্মের বিষয়ে আমাদের জানিয়েছেন। সেই প্রেক্ষিতে দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার চিন্তাভাবনা চলছে। রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির জানিয়েছেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের একটি প্রতারণা মামলায় বাবুলকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুরা থানার উপপরিদর্শক রাফিউল করিম ওই মামলায় ২৯ অক্টোবর (মঙ্গলবার) নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাবুলের ৭দিনের রিমান্ড আবেদন জানান। আদালত তার রিমান্ড নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।গ্রেফতারকৃত বাবুল রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চল চাঁনপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে ও চাঁনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
