অবরোধ না তুললে কোন আলোচনা নয়: ট্রাম্পকে ইরান
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্রকে তেহরানের বিরুদ্ধে আরোপিত সকল অবরোধ তুলে নেয়ার মাধ্যমে ‘প্রথম পদক্ষেপ’ নিতে বলেছেন। ইরানের সাথে বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুত–প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কথা বলার একদিন পর মঙ্গলবার রুহানী একথা বললেন। তিনি বলেন, কেবল অবরোধ তোলার পরই আলোচনা সম্ভব। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি প্রচারিত এক ভাষণে রুহানি বলেন, ‘প্রথম পদক্ষেপ হচ্ছে নিষেধাজ্ঞা থেকে সরে আসা। আপনাকে অবশ্যই ইরানের বিরুদ্ধে আরোপ করা সকল অবৈধ, অন্যায্য এবং ভুল নিষেধাজ্ঞা থেকে সরে আসতে হবে।’
ইরানের পরমাণু কর্মসূচির লাগাম টেনে ধরার কথা বলেই ২০১৫ সালে তেহরানের সাথে করা পরমাণু চুক্তি থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকে ইরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।
যুক্তরাষ্ট্র এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের ওপর নতুন করে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। ইরান দীর্ঘদিন ধরে সেসব নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবি জানিয়ে আসছে।
