আমাদের কার্যকলাপে জিয়াউর রহমানের সততাকে মুছে দিচ্ছি: বিএনপি নেতা।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির বলেছেন, ‘রাজনীতি কোনো ব্যবসা নয়। রাজনীতি কোনো ব্যবসার হাতিয়ার নয়। যদি দেখেন আমাদের দলের কেউ আমাদের রাজনীতিকে ব্যবসায় পরিণত করছে সেই ব্যবসা আমরা বন্ধ করে দেব।’
শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় পঞ্চগড় পৌর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে এসব কথা বলেন তিনি। বিএনপির এই নেতা বলেন, ‘বাংলাদেশে রাজনৈতিক দুর্নীতি ছিলো। আপনারা নেতাকর্মীরা যখন রাষ্ট্রের স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থকে গুরুত্ব দিচ্ছেন তাকেই রাজনৈতিক দুর্নীতি বলা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন আমরা দেখেছি। তিনি আমাদের আদর্শ। আমরা দেখেছি কতোটা সৎ জীবন যাপন করে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। আমরা তার প্রতিষ্ঠিত একটি রাজনৈতিক দলের সদস্য। তার সততার ব্যাপারে কেউ কোনো প্রশ্ন তুলতে পারেনি। সেই নেতার উত্তরসূরী হওয়ার পরেও গত আগস্টের পরে বিএনপির নেতাকর্মীরা যে দুর্নাম অর্জন করেছেন তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমাদের কার্যকলাপের মাধ্যমে জিয়াউর রহমানের সততাকে মুছে দিচ্ছি।’
