গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী সাফা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে।
শনিবার (১৯ অক্টোবর ) সকালে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বলদিঘাট এলাকার শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রেমিকের সঙ্গে অভিমান করে কলেজ ছাত্রী সাফা আক্তার আত্নহত্যা করেছেন। থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।
নিহত কলেজ ছাত্রী সাফা শিমুলতলী গ্রামের প্রবাসী সিরাজুল ইসলামের মেয়ে।নিহত সাফা উপজেলার আব্দুল আউয়াল বিশ্ববিদ্যালয় কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী।
নিহতের মা শামছুন নাহার জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৭ টার দিকে আমার মেয়েকে ডাকতে গিয়ে দেখি তার থাকার ঘরের দরজা খোলা রয়েছে এবং সে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে।
তিনি আরো জানান, আমার ননদের ছেলে জোবায়েরের সাথে আমার মেয়ের প্রেমের সম্পর্ক ছিলো তার সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে।
স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস আই) আশিষ কুমার দাস জানান, গত রাতে পরিবারের সকলের সাথে খাবার খাওয়ার পর অন্যরা ঘুমিয়ে গেলে রাতের কোন এক সময় নিজের ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে। পরে স্বজনরা তার লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণ থেকে সে আত্নহত্যা করে থাকতে পারে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
