আড়াইহাজারে নিষেধাজ্ঞা অমান্যকারী জেলেকে জরিমানা
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে আট জেলেকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত মেঘনা নদীর বিশনন্দী ফেরীঘাট, দয়াকান্দা, মধ্যপাড়া, খাগকান্দা ও মৌশার চর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
আটককৃত আট জেলের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও মুচলেকা আদায় করেন। এসময় এক লাখ ২০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ৪০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে আদালতের নির্দেশে খাগকান্দা নৌ ফাঁড়ি প্রাঙ্গনে কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং মাছগুলো স্থানীয় ইদ্রিস আলী দারুল ইহসান মাদ্রাসা ও এতিখানায় দেওয়া হয়।
খাগকান্দা নৌ ফাঁড়ি ইনচার্জ পরিদর্শক আকরাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযানের সময় সঙ্গে ছিলেন।
অর্থদন্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার কালাপাহাড়িয়া এলাকার জাকির হোসেন, আমারউল্যাহ, বিল্লাল হোসেন, দুলাল মিয়া, মোক্তার হোসেন, সোহেল মিয়া, জুয়েল ও রনজিত চন্দ্র পাল।
এসিল্যান্ড মোঃ উজ্জল হোসেন বলেন, অভিযান অব্যাহত থাকবে এবং যারাই সরকারি আইন অমান্য করবে তাদের শাস্তির মুখোমুখী হতে হবে।
প্রসঙ্গত: ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত নদীতে ইলিশ মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। এ ব্যাপারে উপজেলা জুড়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মাইকিং ও করা হয়েছে।
