ডেমরা প্রতিনিধি
নগরীর ডেমরায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৩০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে তিন সহস্রাধিক অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াগনষ্টিক ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী হাজী মোয়াজ্জেম আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন হয়। আয়োজনে ছিলেন সামাজিক ও সেবামূলক সংগঠন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটি, আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও সুলতানা কামাল পাঠাগারসহ অন্যান্য ৩০টি সেবামূলক সংগঠন। এতে সভাপতিত্ব করেন বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলন।
প্রধান উদ্যোক্তা ছিলেন ওই ক্যাম্পেইন কমিটির প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নেহরীন মোস্তফা দিশি। এ সময় উপস্থিত ছিলেন ডেমরা আশ্রয় ওয়েলফেয়ার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুজ্জামানসহ অন্যান্য ৩০টি সেবামূলক সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
এতে ডায়াগনোসিস সহযোগীতায় ছিলেন হলি এইড হসপিটাল লি:, আল-নুর ডায়াগনষ্টিক এন্ড কনসালটেশন সেন্টার, এশিয়া ডায়াগনষ্টিক সেন্টার, মেডি-হেলথ ডায়াগনষ্টিক সেন্টার। মেডিসিন সহযোগিতায় ছিলেন গ্যাকো ফার্মাসিউটিক্যাল, অপসোনিন ফার্মা লি: ও সোমাটেক ফার্মাসিউটিক্যাল লি:।
অনুষ্ঠান শেষে নেহরীন মোস্তফা দিশি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন- মানব সেবাই পরম ধর্ম। আর মানুষের সেবা করলে স্বয়ং সৃষ্টিকর্তাও খুশি হন। তাই এ ধরণের ক্যাম্পেইন বেশী বেশী করা হলে আমাদের দেশের দু:স্থ, অসহায় মানুষেরা ভীষণভাবে উপকৃত হবেন।
