দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হলে দেশে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে–ডিসি ফারহানা কাইনাইন
নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারাহানা কাউনাইন বলেছেন, দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা হলে দেশে জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হবে। দেশপ্রেম বলতে প্রত্যেকে যুদ্ধ করা নয়। যার যার জায়গা থেকে সততার সাথে দায়িত্বটুকু পালন করাই হলো দেশপ্রেম। তাই আমরা যে অবস্থানেই থাকিনা কেনো প্রত্যেকে নিজেদের স্থানের দায়িত্বটুকু যথাযথভাবে পালনের চেস্টা করতে হবে।
দেশের দুর্নীতি কমিয়ে আনতে বর্তমান সরকার নানামুখী পরিকল্পনা গ্রহন করেছে। সরকারের অংশ হিসেবে মাঠ পর্যায়ের কার্যক্রম আমাদের পালন করতে হবে। এরসাথে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিও দায়িত্ব পালণ করে আসছে। যারফলে দেশে দুর্নীতি কমে আসছে।
প্রধান অতিথি জেলার বিভিন দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সচিবালয়ের নির্দেশ মোতাবেক নির্দেশনামূলক যে কোন চিঠি প্রাপ্তির পর তিন কার্যদিবসের মধ্যে তা শেষ করতে হবে। নরসিংদীতে চাকুরী করে রাতে ঢাকায় অবস্থান করা চলবে না। দাপ্তরিক কাজ ছাড়া কেউ ঢাকায় যেতে পারবেন না। নরসিংদীতে যারা সরকারী চাকুরী করেন তাদের সকলকে কর্মস্থলে ২৪ ঘটা অবস্থান করতে হবে। শুক্র,শনিবার ও ঢাকায় যাওয়া যাবে না।
আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এক আলাচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এর আগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতি বিরোধী “মানব বন্ধন” ও র্যালী অনুষ্ঠিত হয়। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফসর সূর্যকান্ত দাসের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে আয়োজিত আলাচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা পরিষদ’র প্রধান নিবার্হী আনোয়ারুল নাসের, সিভিল সার্জন ডা. মোঃ হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বেলাল হাসান, দুদক জেলা ঢাকা-২ এর সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মোতালিব পাঠান ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বশির আহমদসহ আরো অনেকে।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, সদস্য অধ্যাপক অহিভুষণ চক্রবর্তী, হলধর দাস, মোস্তাক আহমেদ ভূঞা, মোসলেহ উদ্দিন মাষ্টার, মাসুদ মাহমুদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
