মোঃ সাইফুল ইসলাম
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ (রূপগঞ্জ) থেকেঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার ডেমরা-তারাব সড়কের সুলতানা কামাল সেতুর উপর গাউছিয়া পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৯৯) বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত, একমাত্র সন্তান মো. সিফাত (১১) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
নিহতরা হলেন—মোটরসাইকেল চালক স্বামী জাহাঙ্গীর আলম (৪০) ও স্ত্রী সাবিহা চৌধুরী সাথী (৩২)। নিহত সাবিহা চৌধুরী নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কামাল নগরের শাজাহান চৌধুরীর মেয়ে। জাহাঙ্গীর আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সাবিহা চৌধুরী সাথী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।
শনিবার সন্ধ্যা সাতটার দিকে গুরুতর আহত অবস্থায় সাবিহা চৌধুরী সাথী ও তার শিশু সন্তান সিফাতকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সাবিহা চৌধুরী সাথীকে মৃত ঘোষণা করেন। আহত শিশু সিফাতের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া বলেন, সাবিহা চৌধুরী সাথী স্বামী জাহাঙ্গীর আলমের সাথে একমাত্র সন্তানকে নিয়ে মোটরসাইকেল জরুরি কাজে ঢাকা যাচ্ছিলেন। এ সময় তারাবো সুলতানা কামাল সেতুর উপর গাউছিয়া পরিবহনের একটি বাসের ধাক্কায় রাস্তা ছিটকে পড়েন মোটরসাইকেলে থাকা তিনজন। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলম নিহত হন। পরে আমরা গুরুতর আহত অবস্থায় সাবিহা ও তার শিশুসন্তানকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানান সাবিহা আর বেঁচে নেই। বর্তমানে জরুরি বিভাগে গুরুতর আহত শিশু সিফাতের চিকিৎসা চলছে।
এই বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ জানায়- বিকাল সাড়ে ৪ টার দিকে তারাব সুলতানা কামাল সেতুর উপর ঢাকা মুখী লেনে সড়ক দূর্ঘটনা ঘটে, ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলমের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক গাউছিয়া পরিবহনের বাসকে আটক করা হয়েছে। বর্তমানে নিহত জাহাঙ্গীর আলমের লাশ ও ঘাতক গাউছিয়া পরিবহনের গাড়ীটি (ঢাকা মেট্রো-ব-১৫-৮৩৯৯) হাইওয়ে থানায় আছে।
