করোনার ডেঞ্জার জোন রূপগঞ্জ, ২৪ ঘন্টায় সর্বোচ্চ নমুনা সংগ্রহ ১২৭, করোনা সনাক্ত ৪০
মো.শাহেল মাহমুদঃ
কোভিট-১৯ বা নোভেল করোনা রোগী সনাক্তের দিক থেকে ডেঞ্জার জোনে রূপ নিয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ। গেল ২৪ ঘন্টায় জেলার মধ্যে রূপগঞ্জে সর্বোচ্চ করোনা রোগী সনাক্ত হয়েছে ৪০ জন।
এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ২৩৯ জন। সুস্থ হয়েছেন সাধারণ রোগী ৮ জন। মৃত্যু বরণ করেছে ১ জন। মঙ্গলবার (২৬ মে) জেলা স্বাস্থ্যবিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে, নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ ও রূপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য বিবরনীতে রয়েছে গড়মিল। এ জন্য জেলা স্বাস্থ্য বিভাগ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়হীনতার দাবী সুশীল সমাজের।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায়, রূপগঞ্জে গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ নমুনা সংগ্রহ করা হয়েছে ১২৭ জন এবং করোনা সনাক্ত হয়েছে ৪০জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮৯ জন। এর মধ্যে হাসপাতালের আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন ১৫ জন এবং হোম কোয়ারেন্টাইনে থেকে সুস্থ হয়েছেন ১১০জন। নিহতের সংখ্যা ৩ জন।
রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আল মামুন বলেন, এতদিন করোনার নমুনা সংগ্রহের সংখ্যা কম থাকায় আক্রান্তের সংখ্যাটাও কম ছিল। আজ নমুনা সংগ্রহের সংখ্যা বেশি, আক্রান্তের সংখ্যাটাও বেশি। তবে, ঈদের পুর্বে বিভিন্ন মার্কেটে জনসমাগমের কারণেই করোনার বিস্তার হতে পারে বলে ধারণা করছেন তিনি।
তিনি আরো বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী সনাক্ত হয়েছে তারাব পৌরসভা, মুড়াপাড়া, ভুলতা, গোলাকান্দাইল এলাকা গুলোতে। তাই এসকল এলাকার জনসাধারণ কে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।
