দেশ হাসিনামুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি: ফখরুল।
ডেস্ক রিপোর্টঃ
দেশ হাসিনামুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষকে ক্ষতি করা তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন: তোমরা তৈরি হও টুপ করে চলে আসব।
তিনি বলেন, পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিল, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। একটা কথা মনে রাখতে হবে তাকে। মানুষ ভুলবে না।
বিএনপি মহাসচিব বলেন, ‘কেমন মহিলা (হাসিনা), তার মধ্যে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ হত্যা করল। কতটা ভয়াবহভাবে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন।’
অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে, যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীন। সরকার নিরপেক্ষ থাকবে বলেই প্রত্যাশা করি।
