নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল বাজারে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন এর নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ (১৫ সেপ্টেম্বর) রবিবার দুপুর ১২টায় ঘোড়াশাল বাজার এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আলী।
এ অভিযান চলাকালে ফুটপাত ও রাস্তায় অবৈধভাবে দখল করে রাখা দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি মোটরসাইকেল চালককে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
এ অভিযানে সহযোগিতা করেন ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলম নবাব, পলাশ থানার এসআই মাহাবুবুর রহমান হামিদ, ঘোড়াশাল বাজার কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর নায়েব ও স্থানীয়রা।
জানা যায়, দীর্ঘদিন ধরে ঘোড়াশাল বাজারের ফুটপাত ও রাস্তা অবৈধভাবে দখল করে ব্যবসা চালিয়ে আসছেন কিছু ফল ব্যবসায়ীরা। সেই সাথে রাস্তার দুই পাশে ভ্যানগাড়ি, নসিমন-করিমন ও মোটরসাইকেল দাঁড়িয়ে থাকার কারনে অনবরত যানজট লেগেই থাকতো। এতে ভোগান্তি পোহাতে হয়েছে স্কুল- কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের।
