নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) রাতে নরসিংদীর মাধবদী স্কুল সুপার মার্কেট কমপ্লেক্সের স্মার্ট মোবাইল পয়েন্টে এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।স্মার্ট মোবাইল পয়েন্টের স্বত্তাধিকারী সজীব আলম(৩১) দৈনিক অধিকারকে জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাত দশটার দিকে দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান।আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল দশটায় দোকান খুলতে গিয়ে দোকানের সাটারে নূতন তালা দেখতে পেয়ে সন্দেহ হলে পার্শ্ববর্তী দোকানদারদের ডেকে অন্য সাটারের তালা খুলে দেখা যায় যে, দোকানের তালা খুলে কে বা কারা দোকান থেকে প্রায় ৭২ টি দামী স্মার্টফোন যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে এগারো লক্ষ টাকা এবং ক্যাশ ভেঙ্গে নগদ ২ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে যায়।এ ব্যাপারে মার্কেট পরিচালনা (এডহক ) কমিটির সদস্য ও মাধবদী থানাকে অবগত করলে তারা সরেজমিনে গিয়ে দোকান পরিদর্শন করে সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন।এ ব্যাপারে বিকেল সাড়ে চারটায় দোকানের স্বত্তাধিকারী সজীব আলম (৩১) বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন।মার্কেটের একাধিক ব্যাবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, সার্বক্ষণিক পাহাড়ার ব্যবস্থা থাকা সত্ত্বেও এপর্যন্ত মার্কেটের একাধিক মোবাইলের দোকানসহ বিভিন্ন দোকানে প্রায় ৩৮ টি দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এখনো পর্যন্ত মার্কেট পরিচালনা পরিষদ এবং প্রশাসনের পক্ষ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার অথবা কোন চোরকে ধরতে সক্ষম হয়নি। তাই তারা দোকান বন্ধ রেখে রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলের পাশাপাশি মেয়রের কার্যালয়ে গিয়ে এর সিকিউরিটি ব্যবস্থা জোরদারের পাশাপাশি চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মাধবদী থানা অফিসার তদন্ত শাফায়েত হোসেন পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত সাপেক্ষে আসামীদের আইনের আওতায় আনার ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছি।চুরির ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে বলে ও জানান তিনি।
