ইসির নির্দেশনায় জুলাই-আগস্ট আন্দোলনে চোখ ও আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে এনআইডি: হুমায়ুন কবির
ডেস্ক রিপোর্টঃ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে যাদের চোখ এবং আঙ্গুলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ইসির নির্দেশনায় দেয়া হবে এটা।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
দেড় সপ্তাহের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে তাদের জাতীয় পরিচয়পত্র। চোখ এবং আঙ্গুলে ক্ষতিগ্রস্তদের ইসির নির্দেশনায় দেয়া হবে এনআইডি। নতুন ভোটার ছাড়াও স্মার্ট কার্ড এবং ভুল সংশোধনের সুযোগও পাবেন আহতরা।
এছাড়াও সারা দেশের সব হাসপাতালে চিকিৎসাধীন আন্দোলনে আহত এবং তাদের পরিবারের সদস্যরা পাবেন এ সেবা বলেও জানান তিনি।
এদিকে ইসি ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কারে দেয়া প্রস্তাব ও তা বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশনের করণীয় নিয়ে এ বিটের সাংবাদিকদের সংগঠনের (আরএফইডি) সদস্যদের সাথে আলোচনায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, কোনো অসৎ উদ্দেশ্যে নয়, নির্বাচনী অঙ্গনকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থায় সংস্কার প্রস্তাব করা হয়েছে।তিনি বলেন,কাউকে নির্বাচন থেকে দুরে রাখতে নয়, নির্বাচন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সুপারিশ করেছে। নির্বাচন কমিশনের ক্ষমতা ক্ষুণ্ন করা হয়নি বরং এ সংস্থার ক্ষমতায়নে বিভিন্ন প্রস্তাব দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন।
ফেরারি আসামি, বিচারিক আদালতে দোষী হলেই অযোগ্য, গুম-খুনের সাথে জড়িত বা অর্থপাচারকারীরা নির্বাচনে অংশ নিতে পারবেন না-এ সময়ে এসব বিতর্কিত কিনা? এমন প্রশ্নের জবাবে বদিউল আলম বলেন,
হত্যাকারীরা ভোটের অংশ নিতে পারে না। এটা জনগণের মতামতের ভিত্তিতেই সুপারিশ দেয়া হয়েছে।
নির্বাচন কমিশনকে জবাবদিহিতায় আনতে গিয়ে তাদের ক্ষমতা খর্ব হবে না এ কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, ইসিকে জবাবদিহিতার আওতায় আনা গেলেই কেবল বিগত আওয়ামী লীগ সরকারের তিন নির্বাচনের পুনরাবৃত্তি হবে না।তিনি আবারও বলেন, যারা দেড় হাজার মানুষ হত্যাকারী, গুমকারী, গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা আবার দেশ শাসন করুক তা অধিকাংশ মানুষ চায় না। সেজন্য তাদের নির্বাচনের বাইরে রাখতে সুপারিশ করা হয়েছে।
