
ওমর ফারুক শামীম, ইউরোপ প্রতিনিধি: ইউরোপের দেশ পর্তুগালে ২২ লাখ লিটার মদে ভাসলো পর্তুগালের একটি জনপদের সড়ক।
ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের মতে, ৯ সেপ্টেম্বর শনিবার রাতে দেশটির মধ্যাঞ্চলীয় সাও লরেনকো দো বাইরো (São Lourenço do Bairro) শহরের রুয়া দে সিমা (Rua de cima) রাস্তায় ছড়িয়ে পরে প্রায় ২২ লাখ লিটার খাওয়ার জন্য উপযোগী রেড ওয়াইন।
রোববার সকালে পর্তুগালের ছোট্ট পাহাড়ি শহরের বাসিন্দারা বাড়ির দরজা খুলে অবাক হয়ে যান। তারা দেখতে পান ঘরের সামনের রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে রেড ওয়াইন নামক মদের জলধারা। জানা যায় পর্তুগালের সমুদ্রতটের ধারেই ছোট্ট সেই শহরের জনপদে লেবিরা নামক একটি প্রস্তুতকারক সংস্থার ট্যাংকে মজুদ ছিল ২২ লাখ লিটার রেড ওয়াইন। শনিবার রাতে কোন কারনে সেই ট্যাংক দুটো ফেটে যায়। ফলে প্রবল বেগে সেই রেড ওয়াইন রাস্তাকে নদী বানিয়ে চলে যায় নিচের দিকে। যা দেখে চোখ কপালে উঠে শহরবাসীর।
মার্কিন সংবাদ মাধ্যম সিভিএস নিউজ বলছে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় মানুষ ও কর্তৃপক্ষ জানায় এতে শহরের রাস্তাঘাট ও কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব মদ যাতে কাছের সাদো (Rio do sado) নামক নদীতে মিশতে না পারে সেজন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায় যে পরিমাণ মদ রাস্তায় ছড়িয়ে পড়েছে সব গুলো একসাথ করলে অলম্পিকের সুইমিংপুলও ভরে যাবে। এই দিকে এই ঘটনার জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়ে তার দায় নিয়েছে লেবিরা ডিস্টিলারি। মদ যাতে নদীতে পৌঁছাতে এবং পরিবেশগত বিপর্যয় ঘটাতে না পারে সেই পদক্ষেপও নেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষতিপূরণ দিতেও রাজি তারা।
