মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় শ্রীনগর-দোহার সড়কে বালুবাহী ড্রামট্রাক ও সিমেন্টবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার রাঢ়ীখাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মুখোমুখি সংঘর্ষে সিমেন্টবাহী ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১১- ৪৭৪৮) ছিটকে রাস্তার পাশের খাদে পরে যায়।
স্থানীয়রা জানায়, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিমেন্টবাহী ট্রাকের ড্রাইভার কুড়িগ্রামের রাশেদুল ইসলাম (২৭), হেল্পার রবিউল ইসলাম (১৮) ও চাপাই নবাবগঞ্জের আরিফুর রহমান (১৮) নামে ৩ জন আহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করেন।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, সিমেন্টবাহী ট্রাকটি দোহারের দিকে যাচ্ছিল, এসময় শ্রীনগর গামী একটি বালুবাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
