নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপহৃত দুই যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত অপহরণকারী ও অটোরিক্সা ছিনতাইকারী চক্রের তিনজন গ্রেফতার করেছে পুলিশ।
আজ (৭জুন) শনিবার রাতে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মাহমুদাবাদ এলাকার সালাউদ্দিনের ছেলে সোলায়মান (৩৭), একই এলাকার হাবিবুর রহমানের ছেলে রাকিব হাসান (২০) ও গোলাকান্দাইল এলাকার মফিজুল ইসলামের ছেলে ইকরাম হোসেন।
এ ঘটনায় ওই অটোরিক্সার মালিক হৃদয় মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, গ্রেফতারকৃত সোলেমান চাঁদাবাজি, অপহরণ, চুরিসহ নানারকম অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। সোলেমানের নামে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, অপহরণ, মাদকসহ প্রায় একডজন মামলা রয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ তিন অপহরণকারীকে গ্রেফতার করেছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
