বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। কিন্তু মাঠেই অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। জানা গেছে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে তার। অবস্থা বেগতিক হওয়ায় আপাতত তাকে ঢাকায় আনা সম্ভব হচ্ছে না।
ম্যাসিভ হার্ট অ্যাটাকের পর হাসপাতালে ভর্তি তামিম ইকবালের এনজিওগ্রাম সম্পন্ন। পরীক্ষায় তামিমের হার্টে একটি ব্লক পাওয়া গেছে। চিকিৎসক জানিয়েছেন ১০০ শতাংশ ব্লক থাকায় তাকে আপাতত ঢাকায় আনা সম্ভব হচ্ছে না। তাই ঢাকা থেকেই চিকিৎসক নিয়ে যাওয়া হচ্ছে।এরই মধ্যে হার্টে রিং (স্টেন্ট) পরানো হয়েছে।
বিসিবির চিকিৎসক জানিয়েছেন, তামিমের বুকে ব্যথা হচ্ছিল, তাই দ্রুত কেপিজে স্পেশালাইজড হসপিটালে নেওয়া হয়। সেখানে বেশ কিছু পরীক্ষা, বিশেষ করে হার্টের ইসিজি করানো হয়, তাতে সামান্য সমস্যা ধরা পড়ে। তবে অনেক সময় প্রাথমিক পরীক্ষায় বিষয়টি স্পষ্ট হয় না। ঘণ্টাখানেক পর রক্ত পরীক্ষায় কিছু জটিলতা বোঝা যাচ্ছিল।
এক প্রত্যক্ষদর্শী সময় নিউজকে বলেন, ‘আমরা ফিল্ডিংয়ে নামবো নয়টায়। টস করার পর ভাই (তামিম ইকবাল) ফিল্ডিংয়ে নামবে। কিন্তু ওই সময় তিনি জানান, “আমার একটু খারাপ লগছে।” উনি তখন চেয়ারে বসছেন। আমাদের ফিজিও এসে ফোন দেয়ার পর ডাক্তার আসছে। উনি (তামিম) বলেন, “আমার চোয়াল ব্যথা করছে।” এরপর আমরা আর ঝুঁকি না নিয়ে ওনাকে হাসপাতালে নিয়ে আসছি ওবার গাড়ি দিয়েই।’
তামিমের অসুস্থতার খবর পেয়ে স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই ও সাবেক ক্রিকেটার নাফীস ইকবালসহ পরিবারের অন্য সদস্যরা হাসপাতালে পৌঁছেছেন। এদিন বিসিবিতে বোর্ডের সভা থাকলেও তামিমের অসুস্থতার খবর পাওয়ার পর তা স্থগিত করা হয়েছে। তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন বিসিবির পরিচালক ও কর্মকর্তারা।
