নরসিংদী প্রতিনিধি
বেফাক ও তানযীমে নরসিংদী জেলার শীর্ষ মেধাবীদের সংবর্ধনা উপলক্ষে আহলে সুন্নাত ওয়াল জামায়াত পরিষদ বাংলাদেশ মাধবদী থানা শাখার উদ্যোগে আয়োজিত ৫ম ইসলামী মহা সম্মেলন মাধবদী এস,পি, ইনস্টিটিউশন(হাইস্কুল) মাঠে অনুষ্ঠিত হয়েছে।মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ’র প্রখ্যাত আলেমে দ্বীন বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী দাঃ।
আল্লামা আহমদ শফী’র আগমন উপলক্ষে পুরো মাধবদী এলাকা আলেমদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর সোয়া বারোটায় প্রধান অতিথি হেলিকপ্টার যোগে মাধবদী এসে পৌঁছেলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মাধ্যমে অপেক্ষমান লাখো তৌহিদী জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা আহমদ শফীকে সাদরে বরণ করেন সম্মেলনের আয়োজকরা। এসময় পুরো মাধবদী এলাকা নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়। ইসলামী মহা সম্মেলনটি বেলা সাড়ে ১২টা থেকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হলে আলোচকবৃন্দরা তাদের মূল্যবান নছিহত মূলক বয়ান আরম্ভ করেন। নরসিংদীর ইতিহাসে সর্ববৃহৎ ইসলামী মহা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী সদর – ১ এর সংসদ সদস্য লে: কর্ণেল (অব) মো: নজরুল ইসলাম হিরু (বীর প্রতীক) ।
বাদ যোহর প্রধান অতিথির আসন অলংকৃত করেন আল্লামা আহমদ শফী দাঃ।আল্লামা শফী’কে এক নজর দেখার জন্য মাধবদী এস,পি মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে লাখো তৌহিদী জনতার পদচারণায় মুখরিত হয়ে উঠে। ইসলামী মহা সম্মেলনে দেশবরেণ্য আরো যে সকল আলেমে দ্বীন উপস্থিত হয়ে তাদের মূল্যবান আলোচনার মাধ্যমে ইসলামের মশাল জ্বালিয়েছেন তারা হলেন, ঢাকা থেকে আগত আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ, আল্লামা মুফতি দেলোয়ার হুসাইন, বরিশাল কুয়াকাটা থেকে আগত মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক, গাজীপুরের টঙ্গী থেকে আগত মাওলানা নাজির আহমদ ও উজানী পীর সাহেব মাওলানা এহতেশামুল হক।
এ মহা-সম্মেলনের আহ্বানে রয়েছে আহলে সুন্নত ওয়াল জামাআত পরিষদ বাংলাদেশ মাধবদী শাখার সভাপতি মাওলানা মুফতি এহতেশামুল হক কাসেমী, সহ-সভাপতি মুফতি আব্দুল কাদের জিলানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি ইসহাক আল গাজী কাসেমী প্রমূখ।এদিকে এ সম্মেলনকে ঘিরে মাধবদী শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান দৈনিক অধিকারকে জানান। তিনি আরো বলেন, এমন একজন বিশিষ্ট আলেম মাধবদীতে আগমন করায় তিনি নিজেও তাঁর নিরাপত্তায় অংশ নিয়েছেন।
