গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে আবুল খায়ের (১৭) নামে এক কিশোর নিহত এবং এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে দশটার দিকে শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
সড়ক দূর্ঘটনায় নিহত আবুল খায়ের ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াগাতাশি গ্রামের জয়নুদ্দিনের ছেলে। সে বর্তমানে শ্রীপুর পৌরসভার ১নং সিএন্ডবি বাজার এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ইউনিলিভারের ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো।
দুর্ঘটনায় আহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের মৃত আ. রাসেদের ছেলে সুমন (২৯), হালুয়াঘাট উপজেলার সাতপাইজেনাটি গ্রামের উমতিয়াস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), নান্দাইল উপজেলার মৃত নাজিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৩৫), শাহজাহান (৪০)। এছাড়া আহত আরেক ব্যক্তির নাম ও ঠিকানা পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এস আই নয়ন ভূইয়া জানান, মাওনা থেকে বরমী বাজারগামী একটি পিকআপভ্যান (ঢাকা মেট্টো-ন-১১-৫৭৪২) বেলা সাড়ে দশটার দিকে টেপিরবাড়ী বাজার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মাওনা চৌরাস্তাগামী একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এ সময় ৬ জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদ রহমান, আবুল খায়েরকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।আর একজনের অবস্থা আশংকাজনক রয়েছে। আহতরা পেশায় মাছ ব্যবসায় জড়িত।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
