আব্দুর রউফ রুবেল, নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুর জেলাটা শিল্প নগরী হওয়ার পর থেকে অপরাধ তুলনামূলক বেশি হলেও প্রশাসনের লেণাকজন রয়েছেন তৎপর। প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে। গাজীপুরের শ্রীপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, গতকাল মঙ্গলবার ( ২ জুন) দিবাগত রাত ২টা ২৫ মিনিটের দিকে শ্রীপুর উপজেলার মাওনা টু বরমী আঞ্চলিক সড়কের উপর দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্ততিকালে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, ময়মনসিংহের পাগলা থানার কন্যা মন্ডল গ্রামের মমতাজউদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২২)। অপরজন পার্শ্ববর্তী ত্রিশাল থানার ধলাইনা গ্রামের আব্দুল কাদের (কালুর) ছেলে সোহেল রানা রুবেল (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার জন্য যোগাযোগ করা হয় গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইন্সপেক্টর আকতার হোসেনের সাথে।
তিনি জানান, রাতে টহল ডিউটির সময় গোপন সংবাদে জানতে পারি ডাকাত দলের একটি চক্র ডাকাতির জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ডাকাত দলের ২ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।পরে তাদের কাছ থেকে একটি ছুরি, একটি রামদা, একটি রড কাটার মেশিন, একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার করা হয়।
ডাকাত সদস্যরা স্বীকার করে যে তারা দীর্ঘদিন ধরেই গাজীপুরসহ আশপাশ এলাকায় ডাকাতি ও ছিনতাই করে আসছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
