মোঃ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান সহ ছয় নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। ২০২২ সালে দায়েরকৃত নাশকতা মামলায় ১৫ই মে রবিবার মান্নানসহ ০৬ আসামী জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন আবেদন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ প্রসঙ্গে বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিএনপি নেতা মান্নানসহ ছয় আসামির জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে। একই মামলায় আরও ২১ জনকে জামিন দিয়েছেন আদালত।
কারাগারে পাঠানো অন্যান্য নেতা-কর্মীরা হলো- সোনারগাঁও থানা বিএনপির সাধারণ সম্পাদক- মোশারফ হোসেন, সোনারগাঁও পৌর বিএনপির সভাপতি- মোঃ শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব কমিশনার, সোনারগাঁ পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন তানজিল ও জামপুর ইউনিয়ন বিএনপি নেতা শাহ আলম।
মান্নানসহ ছয় নেতা-কর্মীর জামিন শুনানীর সময় বিপুল সংখ্যক বিএনপি নেতা-কর্মী কোর্ট প্রাঙ্গনে উপস্থিত ছিলেন, নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করার প্রতিবাদে উপস্থিত নেতা-কর্মীরা কোর্ট প্রাঙ্গনে প্রতিবাদ করেন ও তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে বিএনপির সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন।
