ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত, ট্রাম্পের চাওয়া গুরুত্বহীন: আরাঘচি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নীতি না বদলালে ওয়াশিংটনের সঙ্গে কোনো তেহরান কোনো আলোচনায় বসবে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরান সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সম্প্রতি নতুন পরমাণু চুক্তিতে সম্মত হতে ইরানকে দুই মাসের সময়সীমা বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজি না হলে তেহরানে হামলারও হুমকি দেন তিনি। যার তীব্র সমালোচনা করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুক্তরাষ্ট্রকে বাড়াবাড়ি না করার আহ্বান জানান তিনি।
রোববার এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, মার্কিন প্রেসিডেন্ট ইরানের সর্বোচ্চ নেতার কাছে একটি সম্ভাব্য নতুন পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন, যা সরাসরি সামরিক পদক্ষেপ এড়ানোর প্রচেষ্টা। সবকিছু সামরিক উপায়ে সমাধান করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন উইটকফ।
