দীর্ঘ প্রতীক্ষার পর পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ২২ সদস্যের কমিটির অনুমোদন দেয়া হয়েছে। তবে নতুন এ কমিটির ১১টি গুরুত্বপূর্ণ পদে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাদের জায়গা দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
নতুন কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান শুভ ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের বঙ্গবন্ধু হল শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক। সিনিয়র সহ-সভাপতি আমিমুল আহসান তনিম ছিলেন তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক। এছাড়া সহ-সভাপতি রাহুল রায়, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আল ফায়াদ, সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াসির আরাফাত, যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, হাবিবুর রহমান, তাসরীফ আলমসহ আরও কয়েকজন নেতার নাম ছাত্রলীগের পূর্বের কমিটিতে ছিল।
