গণ অধিকারের নেতা ফারুকের ওপর হামলা।
বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের নিয়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন শিক্ষার্থীরা। রোববার (৫ জানুয়ারি) বিকেলে হওয়া এই সংবাদ সম্মেলনে আহত শিক্ষার্থী প্রতিনিধি আবির আহমেদ শরীফ দাবি করেন, শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসানের ওপর হামলা নয়, দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। সংবাদ সম্মেলনে আবির দাবি করেন, ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের নাগরিক সমাবেশে গণ অধিকার পরিষদ নেতা ফারুক হাসান অন্তর্বর্তী সরকারের নানা সমালোচনা করেন। যা রাষ্ট্রবিরোধী ও বিতর্কিত। তার দাবি, এ সময় আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যের প্রতিবাদ করে প্রত্যাহার করতে বলা হলে ধাক্কাধাক্কি হয়। ছুরি দিয়ে আঘাতের বিষয়টি সত্য নয় জানিয়ে আহত শিক্ষার্থীদের দাবি, পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন ফারুক হাসান। এদিকে আহতদের কোনো দল নেই উল্লেখ করে আহতদের নিয়ে রাজনীতি না করতেও সংবাদ সম্মেলন থেকে আহ্বান জানানো হয়।
