
মোঃ সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার-
আগামী ০৭ই জানুয়ারী ২০২৪ তারিখে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন। দ্বাদশ জাতীয় সংসদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের ০৪টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে বদলী করা হয়েছে। তারা হলেন- সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা, বন্দর থানার ওসি মো: আবু বকর সিদ্দিক, রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ও সোনারগাঁও থানার ওসি মাহবুব হোসেন।
এদের মধ্যে সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফাকে নারায়ণগঞ্জের বন্দর থানায় এবং বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিককে সিদ্ধিরগঞ্জ থানায় বদলি করা হয়।
সোনারগাঁও থানার ওসি মাহবুব আলমকে ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানায় এবং রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদকে আশুলিয়া থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে আশুলিয়া থানার ওসি এসএম কামরুরুজ্জামানকে সোনারগাঁও থানায় এবং সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহাকে রূপগঞ্জ থানায় বদলি করা হয়েছে।
প্রসঙ্গত: রূপগঞ্জ থানার ওসি আবুল ফয়সল মোহাম্মদ সায়েদ ২০২১ সালের ২২ মে যোগদান করেছিলেন।। সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা ২০২২ সালের ১১ জানুয়ারি যোগদান করেন। বন্দর থানার ওসি মো: আবু বকর সিদ্দিক ২০২০ সালের ১৯ অক্টোবর যোগদান করেন এবং সোনারগাঁও থানার ওসি মাহবুব আলম ২০২১ সালে যোগদান করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) একযোগে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
