নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদী থানাধীন কাঠালিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ড আওয়ামী লীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। এসব নবগঠিত কমিটিতে বিএনপি ও জামায়াতের একাধিক নেতাকর্মী আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ পাওয়ার অভিযোগে পাল্টা কমিটি গঠনের চেষ্টা চালাচ্ছে পদ বঞ্চিতরা।
নবগঠিত ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হয়েছেন জাসাস এর বর্তমান ওয়ার্ড কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আলী হোসেন। ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বিএনপির সক্রিয় নেতা আমানউল্লাহ। এদের কমিটিতে ঠাই দেয়া নিয়ে চলছে সমালোচনা। এতই দলের ত্যাগী নেতারা পাল্টা কমিটি ঘঠনের চেষ্ঠা চালাচ্ছে।
৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বিএনপি নেতা ও এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা ফজলুল করিম ভালু, সাধারণ সম্পাদক হয়েছেন এলাকার সক্রিয় বিএনপি নেতা আব্দুল মজিদ। ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ওয়ার্ড যুবদলের বর্তমান কমিটির সহ-সভাপতি রুপ মিয়া। ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন ওয়ার্ড বিএনপি নেতা সাখাওয়াত হোসেন স্বপন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হয়েছেন বিএনপি নেতা নজরুল ইসলাম।
স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, জেলা আওয়ামী লীগে বিভক্তির কারণে কাঠালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ বর্তমানে দুই অংশে বিভক্ত। ইউনিয়ন আওয়ামী লীগের একাংশের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান এবাদুল্লাহ এবাদ এবং ইউনিয়ন আওয়ামী লীগের অপর অংশের সভাপতি বর্তমান ইউপি চেয়ারম্যান হারুন মোল্লা।
ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই হারুন মোল্লা সাবেক ইউপি চেয়ারম্যান এবাদুল্লাহ এবাদকে প্রতিহত করার জন্য বিগত জাতীয় সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিয়েছিল তাদের সহিত আঁতাত করেন । এরই ফলশ্রুতিতে কাঠালিয়া ইউনিয়নের প্রকৃত আওয়ামী পরিবারের সদস্যদের বাদ দিয়ে বিএনপি ও জামায়াতের লোকদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ পদ দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন হারুন মোল্লা।
এ নিয়ে পুরো এলাকার নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘাত হতে পারে বলে ও তারা আশঙ্কা করছেন।
কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (একাংশের) এবাদুল্লাহ এবাদ বলেন, কাঠালিয়া ইউনিয়ন আওয়ামী লীগকে কলুষিত করার জন্যই উৎকোচের বিনিময়ে বিএনপি ও জামায়াতের লোকদেরকে দলের গুরুত্বপূর্ণ পদে সুযোগ করে দেওয়া হচ্ছে। তাই আমরা আমাদের মতো করে প্রকৃত আওয়ামী লীগারদের দিয়ে ১ নং ২ নং ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেছি । পর্যায়ক্রমে বাকি ওয়ার্ড কমিটিগুলো ও করব।
কাঠালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন মোল্লা তাদের অভিযোগ অস্বীকার করে বলেন, ওয়ার্ড কমিটিতে বিএনপি- জামায়াতের লোক অন্তর্ভুক্তির সুযোগ নেই। আমরা দলীয় শৃঙ্খলার স্বার্থে কাউন্সিলের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে প্রতিটি ওয়ার্ড কমিটি গঠন করেছি।
