গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর পূবাইলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল বেগম (২৫)কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পূবাইল থানার ৪১নং ওয়ার্ডের বসুগাঁও পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ওই দম্পতির বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পূবাইল থানা পুলিশ ।
নিহতরা হলেন,বসুগাঁও পূর্বপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে আবুল কালাম (৩৯) ও তার স্ত্রী পুতুল বেগম (২৫)। এই দম্পতির দুই বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
এ ঘটনায় পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, আবুল কালাম ও তার স্ত্রী পুতুল একই ঘরে ঘুমিয়ে ছিল। আজকে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাদের ঘরে প্রবেশ করে দুজনকে কুপিয়ে হত্যা করে। এ হত্যাকান্ড ঘটিয়ে তারা পালিয়ে যায়। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনই বলা যাচ্ছে না। আমরা ঘটনা তদন্ত করব।
আশা করি খুব দ্রুত হত্যার রহস্য বেরহয়ে আসবে। খুনিদের সনাক্ত করার জন্য প্রযুক্তি ব্যবহার করব প্রয়োজনে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন থানায় আসলে তাদের সহযোগিতা করা হবে।
