
স্টাফ রিপোর্টার: ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কমেছে পাসের হার ও জিপিএ-৫ এর সংখ্যা। প্রকাশিত ফলে ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি দুটোতেই এগিয়ে আছে মেয়েরা। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ২০২২ সালে পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ যেখানে আগের বছরে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। পাসের হার কমেছে প্রায় ১০ শতাংশ। এছাড়াও এ বছর কমেছে জিপিএ-৫ এর সংখ্যাও। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯, যেখানে এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এ বছর সারাদেশে অংশগ্রহণকারী মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। গত বছর এই সংখ্যা ছিল ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন, আর উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন।
গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিক সম্মেলনে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের বিস্তারিত দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সাংবাদিক সম্মেলনে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এক অনুষ্ঠানে কম্পিউটারের বোতাম চেপে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের এইচএসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। ফল প্রকাশের পর শেখ হাসিনা সময়মতো পরীক্ষা নেয়া ও ফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্যান্যের প্রতি কৃতজ্ঞতা জানান। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী অনুষ্ঠানে বক্তৃতা করেন। এর আগে, শিক্ষামন্ত্রী সম্মিলিত ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। পরে, একে একে ১১টি শিক্ষা বোর্ড- ৯টি সাধারণ বোর্ড, ১টি মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং ১টি কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠান সঞ্চালনা করেন।
করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নবেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং শেষ হয় ২২ ডিসেম্বর। ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ করা হলো। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখের কিছু বেশি।
ফলাফলে দেখা গেছে, এবার এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিলো ১১ লাখ ৭৭ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন, পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।
মোট অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে ছাত্র পাস করেছে ৫ লাখ ১৫ হাজার ২৪৪ জন, পাসের হার ৮৪ দশমিক ৫৩। আর অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৯৬ হাজার ৭৪৩ জন, পাসের হার ৮৭ দশমিক ৪৮। অর্থাৎ পাসের হারে এগিয়ে রয়েছে ২ দশমিক ৯৫।
অন্যদিকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। এর মধ্যে ছাত্র ৮০ হাজার ৫৬১ জন এবং ছাত্রী ৯৫ হাজার ৭২১ জন। অর্থাৎ জিপিএ-৫ ছাত্রীরা বেশি পেয়েছে ১৫ হাজার ১৬০ জন।
২০২২ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল মোট ৯ লাখ ৬৯ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪ লাখ ৯৪ হাজার ৮১৮ জন এবং ছাত্রী ৪ লাখ ৭৪ হাজার ৫২০ জন। অংশ নেওয়া ছাত্রদের মধ্যে পাস করেছে ৩ লাখ ৮৯ হাজার ৯৯৯ জন, পাসের হার ৮২ দশমিক ১৯ শতাংশ। আর অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছে ৪ লাখ ২৭ হাজার ২৩১ জন, পাসের হার ৮৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এসএসসিতে ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
ঢাকা বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৭৬ হাজার ৯৩৪ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৩৬ হাজার ৬৪ জন, ছাত্রী ১ লাখ ৪০ হাজার ৮৭০ জন। পাস করেছে ২ লাখ ৪৩ হাজার ২২১ জন। পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ।
রাজশাহী বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী, ঢাকা এর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৬ হাজার ৭০০ জন। এর মধ্যে ছাত্র ৬৬ হাজার ৯৪৩ জন, ছাত্রী ৫৯ হাজার ৭৫৭ জন। পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ।
কুমিল্লা বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর মোট পরীক্ষার্থী ছিল ৮৫ হাজার ৮৮০ জন। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৪১৭ জন, ছাত্রী ৪৮ হাজার ৪৬৩ জন। পাস করেছে ৭৭ হাজার ৯০৭ জন। পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ।
যশোর বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর মোট পরীক্ষার্থী ছিল ৯৮ হাজার ২৬৯ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ১৮৩ জন, ছাত্রী ৪৮ হাজার ৮৬ জন। পাস করেছে ৮২ হাজার ৫০১ জন। পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ।
চট্টগ্রাম বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর মোট পরীক্ষার্থী ছিল ৯১ হাজার ৯৬০ জন। এর মধ্যে ছাত্র ৪৪ হাজার ৪২০ জন, ছাত্রী ৪৭ হাজার ৫৪০ জন। পাস করেছে ৭৪ হাজার ৩২ জন। পাসের হার ৮০ দশমিক ৫০ শতাংশ।
বরিশাল বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৮৮৫ জন। এর মধ্যে ছাত্র ৩০ হাজার ৩২২ জন, ছাত্রী ৩১ হাজার ৫৬৩ জন। পাস করেছে ৫৩ হাজার ৮০৭ জন। পাসের হার ৮৬ দশমিক ৯৫ শতাংশ।
সিলেট বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট এর মোট পরীক্ষার্থী ছিল ৬৬ হাজার ৪৯১ জন। এর মধ্যে ছাত্র ২৮ হাজার ৬৬৯ জন, ছাত্রী ৩৭ হাজার ৮২২ জন। পাস করেছে ৫৪ হাজার ১২২ জন। পাসের হার ৮১ দশমিক ৪০ শতাংশ।
দিনাজপুর বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর এর মোট পরীক্ষার্থী ছিল ৯৯ হাজার ৭০৫ জন। এর মধ্যে ছাত্র ৫০ হাজার ২৩০ জন, ছাত্রী ৪৯ হাজার ৪৭৫ জন। পাস করেছে ৭৮ হাজার ৮৪৯ জন। পাসের হার ৭৯ দশমিক ৮ শতাংশ।
ময়মনসিংহ বোর্ড : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর মোট পরীক্ষার্থী ছিল ৬১ হাজার ৫১৪ জন। এর মধ্যে ছাত্র ৩০ হাজার ২৭২ জন, ছাত্রী ৩১ হাজার ২৪২ জন। পাস করেছে ৪৯ হাজার ৪০৬ জন। পাসের হার ৮০ দশমিক ৩২ শতাংশ।
আলিম : এবার মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট অংশ নেয় ৯০ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৯ হাজার ৭০৬ জন আর ছাত্রী ৪০ হাজার ৫৬০ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪৫ হাজার ৪৭১ জন, পাসের হার ৯১ দশমিক ৮৯ ভাগ। ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮ হাজার ৮২ জন। সেই হিসেবে ছাত্রী কম অংশ নিলেও পাসের হার বেশি।
এইচএসসি (ভোকেশনাল)/বিএম/ডিপ্লোমা ইন কমার্স: মোট পরীক্ষার্থী ১ লাখ ১৭ হাজার ৭৮৩ জন। এর মধ্যে ছাত্র ৮৫ হাজার ২৯৬ জন আর ছাত্রী ৩২ হাজার ৪৮৭ জন। অংশ নেওয়া ছাত্রদের মধ্যে পাস করেছে ৭৯ হাজার ৭৭৪ জন, পাসের হার ৯৩ দশমিক ৫৩ ভাগ। অংশ নেওয়া ছাত্রীদের মধ্যে পাস করেছে ৩১ হাজার ৪৩০ জন, পাসের হার ৯৬ দশমিক ৭৫ জন। সে হিসেবে কম অংশ নিলেও ছাত্রদের চেয়ে পাসের হার ছাত্রীদের বেশি।
পাসের হারে এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা : এ পরীক্ষায় গ্রুপভিত্তিক তথ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছেন বিজ্ঞান গ্রুপের ছাত্র-ছাত্রীরা। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯১ দশমিক ৮ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯২ দশমিক ৩৪ শতাংশ।
পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, এবার সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান গ্রুপ থেকে এক লাখ ২৫ হাজার ৮৩২ জন ছাত্র ও এক লাখ ১২ হাজার ৩৩ জন ছাত্রী অংশ নেন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৯১ দশমিক ৮ শতাংশ ও ছাত্রীদের পাসের হার ৯২ দশমিক ৩৪ শতাংশ।
মানবিক গ্রুপে সবচেয়ে বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছেন। এর মধ্যে দুই লাখ ৪২ হাজার ৩১৬ জন ছাত্র ও তিন লাখ চার হাজার ৪৮৮ জন ছাত্রী। পাসের হারে এগিয়ে আছেন ছাত্রীরা। তাদের পাসের হার ৮৩ দশমিক ৬৪ শতাংশ। ছাত্রদের পাসের হার ৭৬ দশমিক ৬৩ শতাংশ।
এছাড়া ব্যবসা শিক্ষা গ্রুপে পরীক্ষায় অংশ নেন এক লাখ ছয় হাজার ৩৭২ জন ছাত্র ও ৭৮ হাজার ২৯৭ জন ছাত্রী। এর মধ্যে ৮৪ দশমিক ৩৪ শতাংশ ছাত্র ও ৮৮ দশমিক ২৪ শতাংশ ছাত্রী উত্তীর্ণ হয়েছেন।
বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় সব মিলে ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ১৯ শতাংশ, ছাত্রীদের পাসের হার ৮৬ দশমিক ৩৪ শতাংশ। যা ছাত্রদের চেয়ে দুই দশমিক ৯৫ শতাংশ বেশি।
জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ শিক্ষার্থী: এ বছর জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। ২০২১ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৮৯ হাজার ১৬৯ পরীক্ষার্থী, ২০২২ সালে সেটি কমে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ২৮২ জন। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।
ফলাফলে দেখা যায়, এ বছর অংশ নেওয়া মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ নয় হাজার ৫২২ ও ছাত্রী পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫। তাদের মধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ জন ছাত্র ও চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী পাস করেছেন। এর মধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র ও ৯৫ হাজার ৭২১ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী এবার ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১২ হাজার ৬৭০ জন। রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ২১ হাজার ৮৫৫ জন। সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৭১ জন। বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ৩৮৬ জন। যশোর বোর্ডে এ প্লাস পেয়েছেন ১৮ হাজার ৭০৬ জন। দিনাজপুর বোর্ডে এ প্লাস পেয়েছেন ১১ হাজার ৮৩০ জন। ময়মনসিংহ বোর্ডে এ প্লাস পেয়েছেন ৭ হাজার ১৭৯ জন। কুমিল্লা বোর্ডে এ প্লাস পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন। এছাড়া কারিগরি বোর্ডে এ প্লাস পেয়েছেন ৭ হাজার ১০৫ জন। মাদরাসা বোর্ডে এ প্লাস পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন।
