মাঝ রাতে জেগে ওঠে ঘুমিয়ে পড়া মাতৃত্ব
তাই মাকে নিয়ে কবিতা লেখা হয়না।
দেখি হাসপাতালের করিডোর কিংবা
ডাস্টবিনে অবাঞ্ছিত চাহনি
সময়ের করিডোরে দাঁত খিঁচে খসে পড়ে একটি আঁচল
কচি নখের আঁচড় কোন এক মায়ের সামনে
টেনে আনে বিষন্ন সময়ের শোকগাথা।
নিষিদ্ধ সময়ের কোলে জন্ম নেয়া
নির্বাসিত শিশুটির জন্যে দাঁত চেপে
গুমরে কাঁদে মাতৃত্বের উঠান
মা দিবসে জেগে ওঠে হাহাকার
তার জন্যে তো নেই কোন শুভাশিস
আছে শুধু সময়ের বিষ ফোড়ন ।
কবি ও সাহিত্যিক আয়েশা সীমা ।
