নিজস্ব প্রতিবেদক
গত ১৯ জুন ২০২০ খ্রীস্টাব্দ ফেসবুক লাইভে এসে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন মডেল ও অভিনেত্রী এ্যানি খান। ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এবং আগামীতে ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন বলে অভিনয় জগৎ ছেড়ে দেয়ার ঘোষণা দেন জনপ্রিয় এই অভিনেত্রী।
এ্যানি খান ফেসবুক লাইভে এসে অভিনয় ছাড়ার ঘোষণা দেন। এ্যানি জানান, তিনি কারো দ্বারা প্রভাবিত হয়ে নয়, স্বেচ্ছায় অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। নিজেকে সময় দেয়ার জন্য এবং ইসলামের সঠিক পথে জীবন পরিচালনার জন্য তার এই সিদ্ধান্ত।
শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরুর পর টিভি নাটক ও উপস্থাপনায় নিজের ক্যারিয়ার বিস্তৃত করেছিলেন এ্যানি। প্রায় দুই যুগেরও বেশি সময় এই অঙ্গনে সক্রিয় ছিলেন এই সুদর্শনী।
একই কারণ দেখিয়ে সপ্তাহখানেক আগে অভিনয় ছাড়ার ঘোষণা দেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে টেলিফোনে সুজানা তার অভিনয় ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। কারণ হিসেবে তিনি ধর্মীয় কাজে মনোনিবেশের কথা বলেন। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ পালনের পর থেকেই অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন সুজানা জাফর।
সুজানা বলেন, লকডাউন আমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এ সময়ে ইসলাম সম্পর্কে অনেক কিছু জেনেছি এবং শিখেছি। প্রতিনিয়ত কোরআন ও হাদিস পড়ছি এবং নতুন করে শিখছি। দোয়া শেখা, হাদিস পড়া, কুরআন শরিফ পড়ে সময় পার করছি। আমি ছোটবেলা থেকেই ধর্মীয় বিষয়গুলো চর্চা করার চেষ্টা করি।
গত রোজায় কদরের রাত গুলোতে ইতেকাফে ছিলাম। এই সময় আমি যা শিখছি, তা নিজের অবস্থান থেকে প্রচার করছি। ভাই-বোনদের শেখাচ্ছি।
সুজানা জাফর আরও বলেন, আমার সহশিল্পীদের জন্য আমি দোয়া করি। সবার কল্যাণ চাই। সবসময় চাই, আল্লাহ যেন তাদের হেদায়েত দেন, তারা যেন ইসলামের পথে আসার সুযোগ পান।
