আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার উপজেলার যুবলীগ নেতা আমজাদ হোসেন হত্যা মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০ জন নেতাকর্মী।
সোমবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে এ হাজিরা দেন তারা। এসময় অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিল।
আসামি পক্ষের আইনজীবী এড. খোরশেদ আলম মোল্লা জানান, যুবলীগ নেতা আমজাদ হত্যা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ৪০ জন নেতাকর্মী আদালতে হাজিরা দিয়েছেন। আজকে এই মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিলো কিন্তু কোন সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় আসামিরা হাজিরা দেন। আগামী বছরের ২০ ফেব্রয়ারি পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
নজরুল ইসলাম আজাদ বলেন, এটি একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা। এই মামলায় আমার কিংবা আমার নেতাকর্মীদের বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। আমাকে রাজনৈতিকভাবে হয়রানির করতেই এই মামলা। তবে আমি আশা করছি যদি সঠিকভাবে তদন্ত করা হয় তাহলে আমিসহ নেতাকর্মীরা এই মিথ্যা মামলা থেকে খালাশ পাবো।
প্রসঙ্গত, ২০১৪ সালের ৩০ নভেম্বর ঢাকা-সিলেট মহাসড়কে পাঁচরুখী এলাকায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে যুবলীগ নেতা আমজাদ হোসেন নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে সজীবকে প্রধান আসামি এবং বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, তার ছোট ভাই রাকিবুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবুসহ ৩৩ জনের নাম উল্লেখ ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা করেন।
