ডেমরা প্রতিনিধি
ঢাকার দক্ষিণ সিটি এলাকার ডেমরায় নবম শ্রেণীতে পড়–য়া অপহৃত এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ডেমরার কোনাপাড়া এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করেন ডেমরা থানা পুলিশ।
তবে এ ঘটনায় অভিযুক্ত অপহরণকারী মো. রিয়াজ মাদবরকে (২২) গ্রেফতার করতে পারেনি পুলিশ। তিনি শরীয়তপুরের জাজিরা থানার চরদুপুর শাকিমআলী মাদবরের কান্দি গ্রামের মাতব্বর বাড়ীর মো. সালাম মাদবরের ছেলে। এ বিষয়ে ভুক্তভোগীর মা সোমবার বিকালে ডেমরা থানায় রিয়াজ মাদবরসহ অজ্ঞাত আরও ২/১ জনের বিরুদ্ধে মামলা করেন।
ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহাদত হোসেন বলেন, রিয়াজ প্রায়ই মোবাইল ফোনে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিতেন। এদিকে স্কুলে যাওয়া আসার পথেও ওই শিক্ষার্থীকে উত্যক্ত করতেন ওই লম্পট।
বিষয়টি জানাজানি হলে মেয়েটির মা রিয়াজকে সাবধান করেন। এতে অপহরণকারী ক্ষিপ্ত হয়ে মা ও ভুক্তভোগী মেয়েটিকে দেখে নেবে বলে হুমকি দেন। পরবর্তীতে গত ২৩ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে রিয়াজ ওই শিক্ষার্থীকে অপহরণ করেন। পরে সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রিয়াজ মাদবর মেয়েটিকে অপহরণ করেছে।
