আড়াইহাজার প্রতিনিধি
আড়াইহাজার উপজেলায় ২৮টি পূজা মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। গতবারের থেকে এবার পূজা মন্ডপের সংখ্যা বেশি বলে জানা গেছে। অন্যদিকে পূজা উদযাপনের সময় আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আগামী ৪ অক্টোবর (শুক্রবার) থেকে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত পাঁচদিন ব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। স্থানীয় কারিগড় ছাড়াও বিভিন্ন স্থান থেকে কারিগড়রা এখানে এসে তৈরি করছেন মাটির প্রতিমা। প্রতিটি মন্ডপের জন্য তৈরি করা হচ্ছে দূর্গা, লক্ষী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর, সিংহ, মহিষ, পেঁচা, হাস, সর্পসহ প্রায় ১১ রকমের প্রতিমা। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে।
এ বছর আড়াইহাজার উপজেলায় ২টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ২৮টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে আড়াইহাজার পৌর এলাকায় ৭টি, গোপালদী পৌর এলাকায় ৭টি, দুপ্তারা ইউনিয়নে ৫টি, হাইজাদী ইউনিয়নে ৩টি, ব্রাহ্মন্দী ইউনিয়নে ২টি, উচিৎপুরা ইউনিয়নে ২টি, ফতেপুর ইউনিয়নে ১টি ও কালাপাহাড়িয়া ইউনিয়নে ১টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মন্ডপগুলোতে প্রতিমা শিল্পীরা এখন প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। দিনরাত পরিশ্রম করছেন কীভাবে দেবীর প্রতিমায় সৌন্দর্য্য বাড়ানো যায়। কীভাবে অন্য মণ্ডপের চেয়ে নিজের তৈরি প্রতিমাকে আলাদাভাবে সৌন্দর্য্যমণ্ডিত করে ফুটিয়ে তোলা যায়।
আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন জানান, উপজেলার আড়াইহাজার পৌরসভার আড়াইহাজার শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম সার্বজনীন দূর্গা মন্দির, গাজীপুরা পূজা মন্ডপ, ঝাউগড়া কাজল দাসের বাড়ী পূজা মন্ডপ, কামরানিরচর গৌর নিতাই আখড়া পূজা মন্ডপ , বলরাম সুত্রধরের বাড়ি পূজা মন্ডপ , লাসারদী গোয়ালপাড়া জওহরলাল ঘোষের বাড়ি দূর্গাপূজা মন্ডপ , প্রাণি সম্পদ কার্যালয় মাঠ অগ্রণী সংঘ সার্বজনীন দূর্গাপূজা মন্ডপ , সুলতানসাদি সার্বজনিন পূজা মন্ডপ , সদাসদি পূর্বপাড়া পূজা মন্ডপ , সদাসদী পশ্চিম পাড়া পূজা মন্ডপ , উলুকান্দি পূর্বপাড়া সাহাপাড়া পূজা মন্ডপ ,উলুকান্দি পূর্বপাড়া দাসপাড়া সার্বজনীন পূজা মন্ডপ , উলুকান্দি উত্তরপাড়া কৃষ্ণ মন্দির পূজা মন্ডপ , উলুকান্দি পশ্চিমপাড়া পূজা মন্ডপ, উলুকান্দি নমসুদ্র পাড়া পূজা মন্ডপ , কালাপাহাড়িয়া পূজা মন্ডপ, ভৈরবদি ননীগোপাল রায়ের বাড়ি পূজা মন্ডপ , উচিৎপুরা স্বর্গীয় স্বদেশ করের বাড়ি পূজা মন্ডপ , রাইনাদি মানিক দাসের বাড়ি পূজা মন্ডপ আশারামপুর মন্দির বাড়ী পূজা মন্ডপ , আশারামপুর পণ্ডিত বাড়ি পূজা মন্ডপ, বালিয়াপাড়া গৌর নিতাই সেবাশ্রম দূর্গা পূজা মন্ডপ, মনোহরদি হারাধন পালের বাড়ি পূজা মন্ডপ, পাঁচগাও কর্মকারপাড়া পূজা মন্ডপ , কালীবাড়ি কালী মন্দির পূজা মন্ডপ , দুপ্তারা মনিপাড়া পূজা মন্ডপ , দুপ্তারা পশ্চিমপাড়া পূজা মন্ডপ ও দুপ্তারা মালোপাড়া পূজা মন্ডপ, দূর্গাপূজার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে।
তিনি আরও জানান ইতিমধ্যে উপজেলা পূজাউদযাপন পরিষদ ও সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে সভাকরে পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য আইন শৃংখলা বাহিনী সর্বদা নিয়োজিত থাকবে। কোন রকম অপ্রিতিকর ঘটনা যেন ঘটতে না পারে সে জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
