শ্রীপুর, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে মাসুম শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এসময় ঐ যুবকের সাথে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১২ টার দিকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
সন্ত্রাসী হামলায় আহত মাসুম শেখ শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামের মো.কবির হোসেনের ছেলে। সে রাজাবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশ এর সাংগঠনিক সম্পাদক।
অভিযুক্ত ব্যাক্তিরা হলো, রিফাত (২৫) শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ী গ্রামের রফিক শেখের ছেলে, একই এলাকার মকবুল হোসেনের ছেলে মো.নাসির ওরফে পিস্তল নাসির(২০), উপজেলার কাফিলাতলী গ্রামের মো.মিরাজসহ অঙ্গাত চার-পাচঁ জন।
থানায় দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মাসুম শেখ ব্যাংকে ২ লাখ টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে ব্যাংকের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা হয়।পরে দুপুর ১২ টার দিকে ইজ্জতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে খুন জখমের উদ্দেশ্যে ৭/৮ জন আমার উপর আক্রমণ করে।
এসময় রিফাত ছুরি দিয়ে মাথায় আঘাত করলে সেটি মাথার খুলি বেধ করে গভীর ক্ষতের সৃষ্টি হয়। এসময় নাসির ওরফে পিস্তল নাসির কোমর থেকে পিস্তল বের করে আমার বুকে ঠেকিয়ে রাখে আর অন্যান্য আসামিরা লোহার রড,লাঠি দিয়ে সারা শরীরে উপর্যুপরি আঘাত করতে থাকে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্তরা আমার সাথে থাকা দুই লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে রক্তাক্ত মাসুম শেখকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং মাথায় সেলাই ব্যান্ডেজ করা হয়।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রফিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ঘটনার সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
