নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর নূরালাপুর ইউনিয়ন পরিষদে মাদক, চাঁদাবাজি সন্ত্রাসী ও ইভটিজিংয়ের বিরুদ্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় নূরালাপুর ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে নূরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নূরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান।
এছাড়াও উপস্থিত ছিলেন, নূরালাপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ লোকমান হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম এবাদ, জালাল উদ্দিন, মোঃ মাজহারুল ইসলাম, মোঃ ইছহাক, আবুবকর সিদ্দিক, দৈনিক অধিকারের নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান,মাধবদী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার শাহীন, মোহনা টিভির মাধবদী থানা প্রতিনিধি রেজাউল করিম, মোসাম্মৎ মরিয়ম বেগম, মোসাম্মৎ সেলিনা বেগম, মোঃ এনায়েত উল্লাহ, মোঃ মোখলেছুর রহমান, মোঃ আলী হোসেন মেম্বার সহ ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, ইভটিজিং, সন্ত্রাসী ও চাঁদাবাজির বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।
তিনি মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের জিরো টলারেন্সের কথা উল্লেখ করে বলেন, এখনো যারা মাদকের সংস্পর্শ থেকে বের হয়ে আসতে পারেন নি তাদের কপালে দুঃখ আছে, মাদকের ব্যাপারে কাউকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।
যেখানে মাদক সেখানেই অভিযান চালানো হবে। মাদকসেবী ও মাদক বিক্রেতাদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন। তিনি আরো বলেন, একটি পরিবারকে ধ্বংস করার জন্য একটি মাদকাসক্ত সন্তানই যথেষ্ট। তাই মাদকের ব্যাপারে প্রতিটি পরিবারের সদস্যদের প্রতি সতর্ক নজর রাখার জন্য পিতা-মাতার প্রতি অনুরোধ জানান।
