নরসিংদীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিহত, আগ্নেয়াস্ত্র,গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও ১৬ মামলার আসামি রাজ্জাক (৩৯) নিহত হয়েছে।
নরসিংদী ডিবি পুলিশ আজ দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) শিবপুর মডেল থানার এস আই মনির হোসেন তার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নরসিংদী জেলার শিবপুর থানাধীন ধানুয়া গ্রামের মৃত রফিজ উদ্দিনের ছেলে, শিবপুর থানার তালিকাভূক্ত কুখ্যাত ডাকাত রাজ্জাককে গ্রেফতার পূর্বক গতকাল রাতে তার সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনাকালে শালুরদিয়া গ্রামের তেলিয়া শালুরদিয়া রোডস্থ শ্বশানঘাট সংলগ্ন আশরাফ মিয়ার কলাবাগানে উপস্থিত হলে পূর্ব থেকে উৎ পেতে থাকা তার সহযোগীদের ছোড়া গুলিতে রাজ্জাক গুলিবিদ্ধ হয় এবং হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, ০৫ রাউন্ড তাজা কার্তুজ,০৪টি রামদা ও একটি কাটার উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় এস আই মনির হোসেন,মশিউর রহমান ও আনিসুর রহমান আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।এ ঘটনায় শিবপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।নিহত রাজ্জাকের বিরুদ্ধে ০৯টি ডাকাতি মামলা,০১টি খুনসহ ডাকাতি,০১টি হত্যা মামলা,০২টি দ্রুত বিচার মামলা,০১টি বাস্ফোরক দ্রব্য এবং পুলিশ আক্রান্ত সহ মোট ১৬টি মামলা আছে যার মধ্যে ০৮টি ওয়ারেন্ট মুলতবি আছে বলে ও জানান তিনি।
