মুন্সীগঞ্জে থানার বারান্দার ছাঁদ ধসে এক নির্মাণ শ্রমিক নিহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে নির্মানাধীন থানার বারান্দার ছাঁদ ধসে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে উপজেলার মালির অংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো.মন্নাফ (১৭) ।
সে নাটোর জেলার সিংড়া উপজেলার সিরাজুল ইসলামের ছেলে। এঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আহতদের লৌহজং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও ভবনটির নির্মান শ্রমিক মো.হাছান জানান, সকাল থেকে নির্মানাধীন থানার মূল প্রবেশদ্বারের উপরের ছাঁদের ঢালাই কাজ চলছিল। ৮-১০ জন শ্রমিক ছাঁদের উপরে কাজ করছিল।
সে এবং মন্নাফ ওই ছাঁদের নিচে কাজ করছিল। এক পর্যায়ে আচমকা ঢালাই দেওয়া ছাদটি বিকট শব্দে ভেঙে পড়ে। হাছান কোনরকমে সড়ে যেতে পারলেও মন্নাফ নির্মানাধীন ছাঁদের নিচে পড়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী মো.মনির হোসেন বলেন, আজকে ঢালাই দেওয়া ছাঁদের ভিম প্রায় বছর খানেক আগে বানিয়ে রাখা হয়। এত দিনে ভিমের গুণগত মান নষ্ট হয়ে যায়। এছাড়াও কাজের ধরণ নিন্মমানের ছিল। কোন রকম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই ঢালাই কাজ চলছিল।
তাই এমন ঘটনা ঘটল।লৌহজং ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন দৈনিক অধিকারকে বিকেল চারটার দিকে বলেন, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র সেখানে যাই। এখন পর্যন্ত একজনের মৃত্যু নিশ্চিত হয়েছি। নিহতের লাশ ঢালাইয়ের ভিতর থেকে উদ্ধার করা হচ্ছে। ভিতরে আর কেউ আছে কিনা তা খুঁজে দেখা হচ্ছে। উদ্ধার কাজে পুলিশ, ফায়ার স্টেশনের কর্মিদের সাথে স্থানীয়রাও যোগ দিয়েছে।
