মেঘনায় ডুবে যাওয়া বাল্কহেডের দুজনের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ডুবে যাওয়া বাল্কহেড ‘এমভি নাড়িয়া’র খোঁজ মিলেছে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৫ টা পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করেছে উদ্ধারকারী দল।
উদ্ধারকৃত লাশ দুটি হলো, আসলাম (২৬) ও বাল্কহেডটি রাঁধুনি আব্দুল মান্নান (৫২)। তবে এখোনে নিখোঁজ রয়েছে আরো এক শ্রমিক মো.ইমদাদ হোসেন (৪০)। এদের প্রত্যেকের বাড়ি বরগুনা জেলায়।
গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) আব্দুর রাজ্জাক জানান, সোমবার ভোর থেকে গজারিয়া কোস্টগার্ড, নৌ-পুলিশ ও পাগলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল এ উদ্ধার অভিযানে অংশ নেয়। সকাল সাড়ে ১০টার দিকে গজারিয়া ঘাট থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিখোঁজ বাল্কহেডের সন্ধান পাওয়া যায়। বিকেল সাড়ে তিনটার দিকে আসলাম ও পৌনে পাঁচটার দিকে মান্নানের লাশ উদ্ধার করা হয়।
এর আগে গত শনিবার রাতে নিষেধাজ্ঞা অমান্য করে বালুবাহী বাল্কহেডটি নারায়ণগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় কোস্টগার্ড অভিযান চালিয়ে বাল্কহেডসহ চারজনকে আটক করে। রাতে লঞ্চঘাট এলাকায় বাল্কহেডটি নোঙর করে রাখা হয়। রাতে সেটি মাঝনদীতে চলে যায়। ভোরে ঢাকাগামী কীর্তনখোলা-২ লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে বাল্কহেডটি ডুবে যায়।
