রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের কাঞ্চন ব্রীজ থেকে সিংলাবো এলাকায় সরেজমিনে গিয়ে এ দীর্ঘ যানজটের চিত্র দেখা যায়।
জানা গেছে, উপজেলার এশিয়ান হাইওয়ের পোনাব এলাকায় একটি মালবাহী কনটেইনার উল্টে গিয়ে রাস্তায় পড়ে থাকার কারণে উভয় দিকে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এসময় যানজটে আটকা পড়ে থাকে শত শত যানবাহন। যানজটের কারণে পরিবহন চালক ও সাধারণ মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। পরে হাইওয়ের পুলিশ কনটেইনারটি রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল ধীরে ধীরে ঠিক হতে থাকে।
পরিবহন চালকরা বলেন, প্রায় ঘন্টখানেক ধরে যানজটের মাঝে বসে আছি। এর মাঝে গাড়ি একটুও এগোয়নি। কখন গন্তব্যস্থলে পৌছাবো বলতে পারছি না।
রাজ রাশেদ নামে এক যাত্রী জানান, লকডাউন থাকা সত্তেও বাড়ি থেকে বের হয়েছি। তারপর দীর্ঘ যানজটের কারণে একই জায়গায় বসে আছি। তবে কয়েকজনের কাছে শুনেছি রাস্তায় একটি কনটেইনার উল্টে পড়ে গেছে এ কারণে যানবাহন সব আটকে আছে।
