আলমগীর হোসেন প্লাবন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দায়িত্ব পালনকালে সড়ক দুর্ঘটনায় আব্দুল হান্নান (৫৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে এশিয়ান হাইওয়ে রোডের মদনপুর জয়দেবপুর সড়কের সোনারগাঁয়ের সিংরাব এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান সোনারগাঁয়ের তালতলা তদন্তকেন্দ্রের পুলিশ সদস্য হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনাস্থল থেকে যায়, বুধবার (৩ জুন) রাতে নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে নিষিদ্ধ সিএনজিচালিত অটোরিকশায় করে ডিউটিতে বের হন আব্দুল হান্নান। বৃহস্পতিবার ভোরে পণ্যবাহী একটি ট্রাক ওই সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।
এদিকে নিজস্ব যানবাহন না থাকায় মহাসড়কে সিএনজি দিয়ে দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। এতে তাদের ঝুঁকিও থাকে বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
সোনারগাঁ উপজেলার তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আহসান উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
