ডেমরা প্রতিনিধি
নগরীর ডেমরায় পুলিশ পরিচয়ে প্রতারণা পূর্বক স্বর্ণালঙ্কার আত্মসাতের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মাহফুজা বেগমের (৪৫) পক্ষে প্রতিবেশি ভাতিজা মো. আব্দুল মজিদ (২৮) সোমবার রাতে ডেমরা থানায় অজ্ঞাত দুই প্রতারকের বিরুদ্ধে মামলা করেন।
এ ঘটনায় ওই দুই প্রতারককে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহাদত হোসেন।
ভুক্তভোগীর বরাত দিয়ে এসআই মো. শাহাদত হোসেন আরও বলেন, সারুলিয়া পশ্চিম টেংরার জনৈক রিয়াজের বাড়ীর ভাড়াটিয়া নড়াইলের লোহাগড়া থানার শেষপাড়া গ্রামের হাসমত মোল্লার স্ত্রী হচ্ছেন ওই ভুক্তভোগী মাহফুজা বেগম।
গত ২১ অক্টোবর সোমবার ভোরে প্রতিদিনের ন্যায় তিনি হাটতে বের হন। বের হওয়ার ৫ মিনিটের মধ্যে হাজী মোয়াজ্জেম স্কুল সংলগ্ন রাস্তায় আসতেই অজ্ঞাত দুই প্রতারক ওই মহিলার গতিরোধ করে পুলিশের পরিচয় দেয়। এ সময় তারা প্রতারণা মূলক কৌশল অবলম্বনে চেক করার কথা বলে ওই মহিলার সঙ্গে থাকা স্বর্ণের গলার চেইন ও কানের দুটি দুল হাতিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
পরে তাদের না পেয়ে ওই মহিলা তার প্রতিবেশী ভাতিজা আব্দুল মজিদকে বিষয়টি জানায়। পরবর্তীতে তিনি ওই দিনগত রাতেই ডেমরা থানায় এ বিষয়ে মামলা করেন।
