প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে সারাদেশ ব্যাপী মানববন্ধন।
নারায়ণগঞ্জ প্রতিনিধি ঃ দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব মানববন্ধন করেছেন।আজ (১৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
শাহরিয়ার মিল্টন,শেরপুর : দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক গণমাধ্যমকর্মী অংশ গ্রহণ করেন। এ মানববন্ধনে আরো বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দরা একাত্মতা ঘোষণা করেন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিুকল ইসলাম আধার ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া ,কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায় প্রমুখ। বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান। অন্যথায় পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
প্রসঙ্গত, গেল সোমবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সেখানকার কর্মকর্তারা রোজিনা ইসলামকে অবরুদ্ধ করেন। পাঁচ ঘণ্টা অবরুদ্ধের পর তাকে শাহবাগ থানায় নেয়া হয়। রাতে তার বিরুদ্ধে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়। রাত ১১ টার পর মামলায় গ্রেফতার দেখানো হয়।
রোজিনা ইসলামের বিরুদ্ধে ‘অনুমতি ছাড়া মোবাইল ফোনে সরকারি গোপনীয় নথির ছবি তোলা এবং আরও কিছু নথি লুকিয়ে রাখার’ অভিযোগ আনে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের করা মামলায় বলা হয়, বেলা ২টা ৫৫ মিনিটে রোজিনা ইসলাম স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের একান্ত সচিবের দপ্তরে ঢোকেন। তখন একান্ত সচিব দাপ্তরিক কাজে সচিবের কক্ষে অবস্থান করছিলেন। সে সময় রোজিনা ইসলাম দাপ্তরিক গুরুত্বপূর্ণ কাগজপত্র শরীরের বিভিন্ন স্থানে লুকানোর পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ছবি তোলেন।
আব্দুর রউফ রুবেল গাজীপুর প্রতিনিধিঃ দৈনিক প্রথম আলোর জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের উপর ন্যক্কারজনক হামলা ও দীর্ঘ সময় আটকে হেনস্থা করা এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছেন শ্রীপুরে কর্মরত সাংবাদিকরা। মঙ্গলবার(১৮ মে) সকাল ১১টায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে শ্রীপুরে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক ফজলে মমিন আকন্দের সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক রাতুল মন্ডলের সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক প্রথম আলো পত্রিকার শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, দৈনিক সমকালের গাজীপুর জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, সময় টিভির জেলা প্রতিনিধি রাজিবুল হাসান, শ্রীপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, দৈনিক আমাদের নতুন সময়ের শ্রীপুর প্রতিনিধি মোতাহার খান, যুগান্তর প্রতিনিধি আব্দুল মালেক, নয়া দিগন্ত প্রতিনিধি নজরুল ইসলাম, এশিয়ান টিভির কবির সরকার, মাহমুদুল হাসান, যায়যায়দিন প্রতিনিধি আলফাজ সরকার, স্বদেশ প্রতিদিনের আব্দুল আজিজ, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আশরাফুল ইসলাম, নুরে আলম সিদ্দিক এবং মাহফুজুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘বর্তমানে দেশের অনেক জায়গায় সাংবাদিকরা দুর্নীতি এবং অনিয়মের খবর সংগ্রহকালে হামলার শিকার হচ্ছে। এ ছাড়াও, নানাভাবে সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে। সাংবাদিকরা এখন কাজ করতে গেলে নিরাপত্তায় ভোগে, কিন্তু সরকারের এই বিষয়ে তেমন কোনো উদ্যোগ নেই। বক্তারা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও সুষ্ঠ তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে সরকার এবং স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।এতে প্রায় দুই শতাধিক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় সাংবাদিক কর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)ঃ পেশাদার সাংবাদিকরা আজ ঐক্যবদ্ধ। প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে রূপগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আলোচনা এবং মানব বন্ধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম।
উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আমার সংবাদের নিজাম উদ্দিন, দৈনিক ইনকিলাবের খলিল সিকদার, মানব জমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদিন জয়, এশিয়ান টিভির জিএম শহীদ, আলোকিত বাংলাদেশের রিয়াজ হোসেন, আমাদের অর্থনৈতিক আরব হোসেন, বাংলাদেশ প্রতিদিনের জাহাঙ্গীর আলম হানিফ, কালের কণ্ঠের এস এম শাহাদাত। আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক মীর শফিক, দৈনিক যুগান্তরের এ হাই মিলন, বিজয় টিভির এম লিটন, খোলা কাগজের মাহবুব আলম প্রিয়, বাংলা টিভি সোহেল কিরণ, গ্লোবাল টেলিভিশনের জাহাঙ্গীর মাহমুদ, সমকালের জিয়াউর রশিদ, দৈনিক যুগান্তরের মাহবুব মনি, মাই টিভির গোলাম কাওসার দিলু প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে ছিলেন ছোট ভাই জয়নাল আবদিন জয় এবং রিয়াজ হোসেন।
দৌলতখান (ভোলা) সংবাদদাতাঃ ভোলার দৌলতখানে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে গতকাল বুধবার সকাল ১১ ঘটিকায় দৌলতখান রিপোটার্স ইউনিটির উদ্যোগে দৌলতখান বাজারে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। মানব বন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিপোটার্স ইউনিটির সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি মীর গিয়াস উদ্দিন, সেক্রেটারী কাজী জামাল প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি ও রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়।

খোন্দকার নিয়াজ ইকবাল,বাগেরহাটঃ সচিবালয়ে আটকে রেখে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও গ্রেফতারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (১৯ মে) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসিূচি অনুষ্ঠিত হয়। বাগেরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মী, দি হাঙ্গার প্রজেক্ট বাগেরহাট এবং প্রথম আলো বন্ধুসভার সদস্যরা মানববন্ধনে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নকিব সিরাজুল হক, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল, অধ্যাপক মাহফিজুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন, কোষাধ্যক্ষ মাসুদুল হক, সাংবাদিক ইয়ামিন আলী, ইনজামামুল হক, দি হাঙ্গার প্রজেক্টের কো-অর্ডিনেটর হাফিজুর রহমান প্রমুখ। এদিকে বুধবার (১৯মে) দুপুরে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। কচুয়ায় কর্মরত গনমাধ্যমকর্মী এ মানববন্ধণে অংশগ্রহন করেন। মানববন্ধনে বক্তব্য দেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল।
বক্তারা বলেন, সংবাদপত্র রাষ্ট্রের শত্রু নয়। সংবাদপত্র ও গণমাধ্যম রাষ্ট্রের সহযোগি হিসেবে কাজ করে। প্রজাতন্ত্রের কর্মচারীদের ভুল ত্রুটি, অনিয়ম ও দূর্নীতির বিষয় গণমাধ্যমে প্রকাশ করে সরকারকে সিদ্ধান্ত নিতে সহযোগিতা করে। কিন্তু পরিতাপের বিষয় আজ গণমাধ্যমের টুটি চেপে ধরা হচ্ছে। গণমাধ্যমকে বাকরুদ্ধ করে কেউ পার পাবে না। সাংবাদিক রোজিনাসহ সকল নির্যাতিত সাংবাদিকদের বিচারের দাবিতে গণমাধ্যমকর্মীরা সোচ্চার রয়েছে। অবিলম্বে প্রথম আলোর জেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দিতে হবে। সারাদেশে সাংবাদিক নির্যাতন, খুন, গুম, মামলা, হামলা, হয়রানি বন্ধসহ ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিলের দাবি জানান গণমাধ্যমকর্মীরা।





