নিজস্ব প্রতিবেদক
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনকে ফের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়া হয়েছে৷আজ (২৬ জুন) সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে আবারও তাকে আইসিইউতে নেয়া হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মজিবর রহমান।
তিনি বলেন, বুধবার তার চিকিৎসা নিয়ে একটি মেডিকেল বোর্ড বসে। পরে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য উনাকে বিদেশে নেয়া যেতে পারে। সাহারা খাতুনের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার বিষয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরিবারের আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
তিনি জানান, এর আগে সাহারা খাতুনের অবস্থার উন্নতি হলে গত ২২ জুন দুপুরে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) স্থানান্তর করা হয়। শুক্রবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও আইসিইউতে নেয়া হয়েছে।
মজিবর রহমান বলেন, ‘শুক্রবার (২৬ জুন) সকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। উনার হার্টবিট পাওয়া যাচ্ছিল না। পাঞ্চ করে হার্টবিট ফিরিয়ে আনা হয়। এরপর বেলা ১১টার দিকে তাকে এইচডিইউ থেকে আবারও আইসিইউতে নেয়া হয়েছে।’
