নরসিংদী প্রতিনিধি
চুরি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণকারী ও মুক্তিপণ আদায়কারী দের অভয়াশ্রমে পরিণত হয়েছে ঢাকা- সিলেট মহাসড়ক। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরেই তারা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছিল। অবশেষে গতকাল শনিবার অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।
জজ ভূঁইয়া গ্রুপের প্রডাকশন অফিসার হাবিবুর রহমানকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে গতকাল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নরসিংদী জেলা গোয়েন্দা শাখার উপ পরিদর্শক জাকারিয়া রতন।
অপরহণকারী চক্রের আটককৃত সদস্যরা হলো, সদর উপজেলার আসমান্দীর চর গ্রামের হাসেম মিয়ার ছেলে জাকির হোসেন (২৮), কাকশিয়া গ্রামের শুক্কুর আলীর ছেলে মোঃ শাহজালাল (২২), পাঁচদোনার মনির হোসেনের ছেলে রানা মিয়া (২২) পাঁচদোনার স্বরপনিগৈর এলাকার ইউনুস মিয়ার ছেলে আবু তাহের (২০)।
মামলার বাদী অপহৃতর স্ত্রী কামরুন নাহার খুশি জানান, প্রতিদিনের ন্যায় গত ১৭ অক্টোবর রাত সাড়ে আটটায় কাজ শেষে শেখেরচর হতে লোকাল বাসে ভেলানগর যাওয়ার পথে তার স্বামী অপহরণের শিকার হয়। অপহরণকারীরা তার স্বামীকে ১ লক্ষ টাকা মুক্তিপণের বিনিময়ে জীবিত ছেড়ে দিতে রাজি হলে ডিবি পুলিশের সহায়তায় গতকাল তাকে উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূএে জানা যায়, মাধবদী এলাকার এসব অপহরণকারী চক্রের সংঘবদ্ধ সদস্যরা বিভিন্ন ব্যবসায়ী, ব্যাংকার ও চাকুরীজীবিদের টার্গেট করে দিবালোকে অপরহণ করে তাদের নিজস্ব সুবিধা মত জায়গামত নিয়ে আটক করে মারধর করে অর্থ হাতিয়ে নেয়।
ডিবির উপ পরিদর্শক জাকারিয়া রতন জানায়, গ্রেফতারকৃত আসামীরা প্রত্যেকেই পেশাদার অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরেই তারা ঢাকা-সিলেট মহাসড়কে গাড়ির চালক ও হেলপারদের সহযোগিতায় যাত্রীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছে। তাদের নামে নরসিংদীসহ বিভিন্ন থানায় অস্ত্র, ছিনতাই, অপহরণ, চুরি ও মুক্তিপণ আদায়ের অভিযোগে মামলা রয়েছে। তিনি আরো বলেন, তাদের প্রত্যেকের নামে মামলা দায়ের করে আজ রবিবার আদালতে সোপর্দ করে আসামি জাকির ও রানার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
