নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে পড়ে মোহাম্মদ তমাল নামে এক যুবক নিখোঁজ হয়েছে । গতকাল শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চা বাগান এলাকায় বন্ধুদের সাথে ইঞ্জিন চালিত নৌযানে ঘুরতে এসে গোসল করতে গিয়ে তমাল নিখোঁজ হয় বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিখোঁজ তমাল দেবনাথ(২৪) নরসিংদীর মনোহরদী থানার চালাকচর এলাকার সুভাস দেবনাথের ছেলে। সে গাজীপুর মহানগরীর ভূষির মিল এলাকার ইষ্ট ওয়েষ্ট নামের একটি পোশাক কারখানায় চাকুরী করতো।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কবিরুল ইসলাম “দৈনিক জাগো বাংলাদেশকে’ জানান, গাজীপুর সদর থানার বোর্ডবাজার এলাকা থেকে বন্ধুরা মিলে ইঞ্জিনচালিত নৌকা যোগে তুরাগ নদীতে বেড়াতে আসে। কালিয়াকৈর উপজেলার চা বাগান এলাকার স্যালোঘাটে নৌকাটি আসলে তমালসহ কয়েকজন বন্ধু তুরাগ নদীতে গোসল করার জন্য নদীতে নামে।
নদীতে গোসল করার পর সকল বন্ধুরা পানি থেকে উঠলেও তমাল উঠতে পারেনি। পরে তমালকে খুঁজে না পেয়ে বন্ধুরা জাতীয় হেল্পলাইন ৯৯৯ কল করে।কল করার পরে তমাল কে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।
